শিলিগুড়ি, ২৭ নভেম্বর: ঘুড়ির মাঞ্জা হয়ে উঠল নিরীহ পাখির মৃত্যুফাঁদ! বিপজ্জনক সুতোর ফাঁসে আটকে নারকেল গাছের উপর অসহায়ভাবে ঝুলে রইল একটি পাখি। বৃহস্পতিবার থেকে চলল প্রাণ বাঁচানোর লড়াই। অবশেষে স্থানীয়দের তৎপরতা ও মানবিক উদ্যোগে মিলল মুক্তি। ঘটনাটি শিলিগুড়ি শহরের ২৯ নম্বর ওয়ার্ডের।
পাখিটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকল বিভাগ ও বন দপ্তরে। বৃহস্পতিবার উদ্ধার করার চেষ্টা হলেও মেলেনি সাফল্য। তবে হাল ছাড়েননি স্থানীয়রা।
অবশেষে স্থানীয় বাসিন্দা, প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর এবং বন দপ্তরের কর্মীদের যৌথ উদ্যোগে শুরু হয় উদ্ধার অভিযান। নারকেল গাছে ওঠায় দক্ষ এক স্থানীয় ব্যক্তির সহযোগিতায় গাছে উঠে অত্যন্ত সতর্কতার সঙ্গে মাঞ্জার ফাঁস কেটে পাখিটিকে মুক্ত করা হয়।
এরপর পাখিটিকে বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। প্রয়োজনীয় পরিচর্যা ও চিকিৎসার জন্য পাখিটিকে নিয়ে যান বনকর্মীরা।
একদিকে মাঞ্জার নির্মম ফাঁস, অন্যদিকে মানুষের মানবিকতা—শেষ পর্যন্ত জয় হল জীবনের। তবে এই ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, অসতর্কভাবে ঘুড়ি ওড়ানোর বিপজ্জনক মাঞ্জা কতটা ভয়ংকর হতে পারে। আনন্দের ঘুড়ি যেন নিরীহ পাখির মৃত্যুফাঁদ না হয়ে ওঠে!
নতুন গতি 



















