বসিরহাট: সন্দেশখালিতে শেখ শাহজাহান পরিবারের বিরুদ্ধে ফের জমি সংক্রান্ত অভিযোগ। এবার জমির লিজের টাকা আত্মসাতের অভিযোগ উঠল শেখ শাহজাহানের স্ত্রী শেখ সাবিনার বিরুদ্ধে। সুবিচার ও বকেয়া টাকা ফেরতের আশায় প্রশাসন ও রাজনৈতিক মহলের দ্বারস্থ হয়েছেন জমির আদিবাসী মালিক শিবু সর্দার।
শিবু সর্দারের অভিযোগ, ন্যাজাট থানার আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সড়বেড়িয়া এলাকায় তাঁর প্রায় সাড়ে আট বিঘা জমি পাঁচ বছরের জন্য লিজ নেওয়ার কথা বলে কুড়ি বছরের চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। লিজ বাবদ একবার মাত্র ৫ হাজার ২৯০ টাকা দেওয়া হলেও পরবর্তীতে আর কোনও টাকা মেলেনি। তাঁর দাবি, বর্তমানে প্রায় পাঁচ লক্ষ টাকা বকেয়া রয়েছে।
শেখ শাহজাহান জেলে যাওয়ার পর বকেয়া টাকা চাইতে একাধিকবার তাঁর স্ত্রী শেখ সাবিনার কাছে গেলেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ শিবুর। প্রথমে টাকা দেওয়ার আশ্বাস মিললেও পরে নানা অজুহাতে তাঁকে ঘোরানো হচ্ছে। এমনকী, তাঁর জমিতে জোর করে মাছ চাষ করা হচ্ছে বলেও অভিযোগ।
শিবুর আরও দাবি, স্ত্রী ক্যানসারে আক্রান্ত। চিকিৎসার খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তিনি। এর আগে সিবিআইয়ের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছিলেন। এবার বকেয়া টাকা উদ্ধারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছেন তিনি। প্রশাসনের হস্তক্ষেপে ন্যায়বিচার ও প্রাপ্য টাকা ফেরত পাওয়ার আশায় দিন গুনছেন ওই আদিবাসী জমির মালিক।
নতুন গতি 















