আব্দুল গফফার, নতুন গতি, হুগলি: নাগরিক পরিষেবা উন্নত করা এবং পুরকর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে হুগলি-চুঁচুড়া পুরসভার প্রশাসকের কাছে লিখিত দাবি জানাল সিপিএমের হুগলি এরিয়া কমিটি। ৩০ সেপ্টেম্বর, পুরসভায় জমা দেওয়া চিঠিতে শহরের নিকাশি, আবর্জনা পরিষ্কার, রাস্তা-আলো এবং পুরকর্মীদের বেতন সংক্রান্ত একাধিক বিষয় তুলে ধরা হয়েছে।
চিঠিতে সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শহরের নাগরিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে হয়রানির মুখে পড়তে হচ্ছে। নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে অব্যবস্থা বন্ধ করার দাবি জানানো হয়েছে। দাবিগুলির মধ্যে রয়েছে, আবাস যোজনার কাজ দ্রুত শুরু করা, শহরের প্রধান রাস্তা ও নিকাশি নালা-নর্দমা পরিষ্কার করা এবং রাস্তাঘাটের যান ও পথচারী চলাচলের উপযোগী পরিবেশ ফিরিয়ে আনা। পাশাপাশি নিয়মিত জঞ্জাল ও আবর্জনা পরিষ্কারের সঙ্গে নিকাশি নালা পরিষ্কারের ব্যবস্থাও জোরদার করার দাবি জানানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, আবর্জনা ও জঞ্জালের স্তূপের কারণে শহরবাসীর মধ্যে ডেঙ্গু, ম্যালেরিয়া ও মশাবাহিত রোগের আশঙ্কা তৈরি হচ্ছে। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করার দাবি জানিয়েছে সিপিএম।
পুরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীদের নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন ও পুজো-বোনাস দেওয়ার পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া পাওনা মেটানোর দাবিও জানানো হয়েছে।
এছাড়া পুর এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি বৈদ্যুতিক পোস্টে আলো না জ্বলার বিষয়টি উল্লেখ করে দ্রুত আলোর ব্যবস্থা করার কথা বলা হয়েছে। নাইট পেট্রোলিং-সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত পুরকর্মীদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে চিঠিতে। সিপিএমের হুগলি এরিয়া কমিটির সম্পাদক এবং চুঁচুড়া এরিয়া কমিটির সম্পাদকের স্বাক্ষর করা ওই চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত দাবিগুলির ভিত্তিতে যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে নাগরিক পরিষেবার স্বার্থে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তাঁরা।
নতুন গতি 


























