কোচবিহার: পাঁচ বছরের এক শিশুকে ভুল করে দু’বার ডিপিটি টিকা দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল কোচবিহার-২ ব্লকের মহিষবাথান সুস্বাস্থ্য কেন্দ্রে। পরিবারের অভিযোগ, গত মাসেই শিশুটিকে নির্ধারিত টিকা দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও বৃহস্পতিবার স্বাস্থ্যকেন্দ্র থেকে ফোন করে ডেকে ফের একই টিকা দেওয়া হয়। এরপর থেকেই শিশুটি অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি পরিবারের।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মহিষবাথান এলাকার বাসিন্দা নারায়ণ চন্দের পাঁচ বছরের মেয়েকে গত মাসে তাঁর মা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে নিয়মমাফিক ডিপিটি টিকা দিয়েছিলেন। অভিযোগ, বৃহস্পতিবার স্বাস্থ্যকেন্দ্র থেকে ফের টিকা দেওয়ার জন্য ফোন করা হয়। সেইমতো মেয়েকে নিয়ে কেন্দ্রে যান নারায়ণবাবু। সেখানে কর্মরত আশা কর্মীরা শিশুটিকে পুনরায় টিকা দেন বলে অভিযোগ।
পরিবারের আরও দাবি, শিশুর টিকাকরণের খাতায় গত মাসের তারিখ কেটে বৃহস্পতিবারের নতুন তারিখ লিখে দেওয়া হয়। বাড়ি ফেরার পর শিশুটি কান্নাকাটি শুরু করলে সন্দেহ হয় পরিবারের। এরপর তাকে স্থানীয় এক বেসরকারি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার ঘটনার বিষয়ে জানতে ফের স্বাস্থ্যকেন্দ্রে গেলে সন্তোষজনক উত্তর মেলেনি বলে অভিযোগ। এই ঘটনায় স্বাস্থ্যকর্মীদের দায়িত্ববোধ এবং টিকাকরণের নথি সংরক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও অভিযোগের বিষয়ে স্বাস্থ্যকেন্দ্রের কোনও কর্মী বা আধিকারিক সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি।
নতুন গতি 












