শিলিগুড়ি: শহরের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে তৎপর হলেন পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শুক্রবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ও শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়াম পরিদর্শন করে অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে দুই স্টেডিয়ামের বাকি কাজ, বিভিন্ন ক্রীড়া সংস্থার স্থায়ী কার্যালয় এবং নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালুর বিষয়ে আলোচনা হয়। ইন্ডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন প্রশিক্ষণ পুনরায় চালু করার পাশাপাশি দাবা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া কোকো ও কাবাডির মতো খেলার সঙ্গে যুক্ত সংস্থাগুলির স্থায়ী কার্যালয়ের ব্যবস্থার বিষয়টিও আলোচনায় উঠে আসে। শিলিগুড়ি পুরনিগমের তত্ত্বাবধানে এই উদ্যোগগুলি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পুনর্নবীকরণের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মন্ত্রী। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে স্টেডিয়াম হস্তান্তরের কথা থাকলেও এখনও তা সম্পূর্ণ হয়নি। এদিন বাকি কাজ দ্রুত শেষ করার আশ্বাস দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন শঙ্কর ঘোষ।
নতুন গতি 












