মালদহ: কার্তিক পুজোর অনুষ্ঠানে ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টি করে বিজেপির মণ্ডল সহ-সভাপতি চন্দন মণ্ডলকে মারধর করে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানালেন হবিবপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জোয়েল মুর্মু।
মালদহের হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের দক্ষিণ চাঁদপুরে বৃহস্পতিবার রাতে কার্তিক পুজোর অনুষ্ঠান চলাকালীন মারধরের ঘটনা ঘটে। গুরুতর আহত চন্দন মণ্ডলকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। শুক্রবার মৃত বিজেপি নেতার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মন্ত্রী জোয়েল মুর্মু। তাঁদের সমবেদনা জানানোর পাশাপাশি গোটা ঘটনার বিবরণ শোনেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জোয়েল মুর্মু অভিযোগ করেন, গত বছরও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই এলাকার কার্তিক পুজোয় গণ্ডগোল করেছিল। এ বছরও পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করে চন্দন মণ্ডলকে মারধর করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। পাশাপাশি এলাকায় অবাধে চলা মদ, গাঁজা ও মাদক কারবার বন্ধে কড়া পুলিশি পদক্ষেপেরও দাবি তোলেন মন্ত্রী।
নতুন গতি 












