নদিয়া: প্রাকৃতিক দুর্যোগের জেরে নদিয়ার কৃষ্ণনগর ও শান্তিপুরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জন ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লাগাতার বৃষ্টির কারণে শান্তিপুরের সূত্রাগড়ের জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন পিছিয়ে আগামী ২১ নভেম্বর করা হয়েছে। পুজো কমিটিগুলির আবেদনে পুলিশ প্রশাসন ও বিধায়কের সিদ্ধান্তে এই পদক্ষেপ। পাশাপাশি নবদ্বীপে মুখ্যমন্ত্রীর আগমন এবং শান্তিপুর সফরের সম্ভাবনাও সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে খবর।
বিধায়ক স্বপন কুমার দাস জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগ কারও নিয়ন্ত্রণে নেই। পরিস্থিতি বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উঁচু মণ্ডপ নির্মাতা ও পুজো উদ্যোক্তাদের বিদ্যুতের তার-সহ বিভিন্ন বিষয়ে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন তিনি।
অন্যদিকে, কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বুড়িমার ঘট বিসর্জন হলেও প্রতিকূল আবহাওয়ায় প্রতিমার শোভাযাত্রা স্থগিত রাখা হয়েছে। পুজো কমিটির সম্পাদক জানান, প্রবল বৃষ্টিতে প্রতিমা ও বহুমূল্য সোনার অলংকারের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত। আবহাওয়া স্বাভাবিক হলে আগামীকাল অথবা পরশু নিরঞ্জন হতে পারে। চূড়ান্ত দিন ও সময় সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে জানানো হবে বলে পুজো কমিটি সূত্রে খবর।
নতুন গতি 





















