আলিপুরদুয়ার: শতাব্দীপ্রাচীন হ্যামিল্টনগঞ্জের কালীপুজোর মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল ১৪টি স্টল ও দুটি বাড়ি। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দুটি বাড়ি। শুক্রবার সকালে এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, প্রায় ৪০ লক্ষ টাকার সামগ্রী পুড়ে গিয়েছে।
জানা গিয়েছে, মেলা প্রাঙ্গণের পাশে থাকা আরএসপির একটি পরিত্যক্ত কাঠের পার্টি অফিসে প্রথম আগুন লাগে। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মেলার স্টল ও আশপাশের বাড়িতে। খবর পেয়ে ফালাকাটা, হাসিমারা বায়ুসেনা ঘাঁটি ও হ্যামিল্টনগঞ্জ থেকে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনও খবর নেই।
ঘটনাস্থলে যান বিজেপির জেলা সভাপতি মিঠু দাস। তিনি জানান, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। উপস্থিত হন পুলিশ সুপার অমিত কুমার শাহ। তিনি জানান, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মেলা কমিটির যুগ্ম সম্পাদক অলোক মিত্রও ১৪টি স্টল ও দুটি বাড়ি পুড়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এই মেলার পর অনেক ব্যবসায়ী কোচবিহারের রাসমেলায় দোকান দেন। ফলে এই অগ্নিকাণ্ডের প্রভাব রাসমেলাতেও পড়ার আশঙ্কা রয়েছে।
নতুন গতি 












