রাহুল রায়, মঙ্গলকোট: মঙ্গলকোটে বিজেপির অন্দরের ক্ষোভ এবার প্রকাশ্যে। ৩ নম্বর মণ্ডলের সভানেত্রী মন্দিরা চট্টরাজ ও সম্পাদক নয়ন ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব দলের পুরনো নেতা-কর্মীদের একাংশ। বিক্ষুব্ধদের দাবি, প্রায় ৫০ জন বিজেপি কার্যকর্তা তাঁদের ক্ষোভের কথা জানিয়ে বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শ্যামপ্রদ মণ্ডলের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিক্ষুব্ধ কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মণ্ডল নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ তৈরি হয়েছে। সভানেত্রী ও সম্পাদকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে জেলা নেতৃত্বের কাছে অভিযোগ জানানো হবে বলে তাঁদের দাবি। অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া হলে দলীয় কর্মসূচিতেও অংশ না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
মন্দিরা চট্টরাজের বিরুদ্ধে টাকা নিয়ে তৃণমূল কর্মীদের বিজেপির বিভিন্ন পদে বসানোর অভিযোগও তুলেছেন বিক্ষুব্ধরা। পাশাপাশি, এক বুথ সভাপতিকে মারধর এবং তাঁকে দলীয় কার্যকলাপ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পুরনো কর্মীদের সাংগঠনিক গুরুত্ব ফেরানোর দাবিও জানিয়েছেন তাঁরা। মন্দিরা চট্টরাজ ও নয়ন ঘোষকে পদ থেকে সরানোর দাবি জানানো হবে বলে জানান বিক্ষুব্ধরা। অভিযোগ নিয়ে তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নতুন গতি 


























