দেবজিৎ মুখার্জি, বাঁকুড়া: সোমবার এসএফআইয়ের স্টলে বিজেপি কর্মীদের হামলাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার স্কুলডাঙ্গা মোড়ে। ঘটনায় আক্রান্ত হন সিপিএমের জেলা সম্পাদক, তথা প্রাক্তন মন্ত্রী, দেবলীনা হেমব্রম। ‘লাল শিবির’এর তরফ থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হলেও তাদের এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
বাম কর্মীদের বক্তব্য, হামলাকারীরা নিজেদের বিজেপি কর্মী বলে পরিচয় দেন এবং জানান, সেখানে বুকস্টল দেওয়া যাবে না, তুলে দিতে হবে। এই নিয়ে বচসায় জড়ায় দু’পক্ষ। অশান্তির খবর মিলতেই সিপিএমের জেলা কার্যালয় থেকে নিচে নেমে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন দেবলীনা হেমব্রম। সিপিএমের অভিযোগ, তখন তাঁকে ধাক্কা দেওয়ার পাশাপাশি ছুড়ে ফেলা হয় তাঁর মোবাইল ফোন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
প্রাক্তন মন্ত্রীর বক্তব্য, “দুর্গাপুজোয় জেলায় প্রায় দু’লক্ষ টাকার বইপত্র বিক্রি হয়েছে। সারা রাজ্যে বামেদের বুকস্টলে হামলা হচ্ছে। সেই একই উদ্দেশ্য নিয়ে বাঁকুড়ায় এসএফআইয়ের বুকস্টলে হামলা চালানো হয়েছে। আমি বাধা দিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছি। মোবাইলটা ছুড়ে ভেঙে ফেলা হয়েছে। আমরা এর বিচার চাই।” এদিকে বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের নেতা সৌগত পাত্রের বক্তব্য, “সিপিএম সারা রাজ্যে শূন্য হয়ে যাওয়া একটি দল। ওই দলের লোকজনই নেই। এখন বিজেপির নামে দোষ চাপিয়ে প্রচারের আলোয় আসতে চাইছে।” উল্লেখ্য, চলতি বছরে দুর্গাপূজোর সময়েও বামেদের বুকস্টলে হামলার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে, যার জল গড়ায় আদালত পর্যন্তও। বামেদের পাশাপাশি বুকস্টলে হামলার ঘটনার নিন্দা করেছিল কালীঘাট তৃণমূলও।
নতুন গতি 










