সৈয়দ মফিজুল হোদা, বাঁকুড়া: অপেক্ষার অবসান। সোমবার সকালে দিল্লি থেকে বাঁকুড়ার জগদল্লা মাঝপাড়ার বাড়িতে ফিরল ভারতীয় সেনাকর্মী বেনুলাল পাত্রের নিথর দেহ। প্রিয় সেনাকে শেষবার দেখতে সকাল থেকেই রাস্তার দু’ধারে ভিড় জমান এলাকার বাসিন্দারা। পরে শোভাযাত্রা করে কফিনবন্দি দেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও পরিজনেরা।
প্রায় ৪০ বছর বয়সি বেনুলালের পোস্টিং ছিল অরুণাচল প্রদেশে। কয়েক দিন আগে ব্যক্তিগত কাজে দিল্লিতে এসেছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়ায় কর্মস্থলে আর ফিরতে পারেননি। শনিবার রাত ৮টা নাগাদ দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, এর আগে তাঁর হৃদ্যন্ত্রে অস্ত্রোপচারও হয়েছিল।
সোমবার দেহ বাঁকুড়ায় পৌঁছতেই শোকের ছায়া নামে জগদল্লা মাঝপাড়ায়। সেনাবাহিনীর তরফে মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিজেপির নেতাকর্মী এবং বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। গান স্যালুটে শেষ বিদায় জানানো হয় বেনুলালকে।
বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, দেশের অখণ্ডতা ও মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালন করা এক বীর সন্তানকে হারাল দেশ।
বেনুলালের এক শৈশবের বন্ধু বলেন, প্রায় ১৯ বছর সেনায় কর্মরত ছিলেন তিনি। অত্যন্ত শান্ত স্বভাবের বেনুলালের মৃত্যুতে তিনি একজন প্রিয় বন্ধুকে হারিয়েছেন।
নতুন গতি 



























