আজিজুর রহমান, গলসি: ১৯ নম্বর জাতীয় সড়কের পুরসাতে ভয়াবহ আগুন। আগুনে পুড়ে ছাই আস্ত একটি ডাম্পার। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন ডাম্পারের চালক ও খালাসি।
জানা গেছে, দুর্গাপুরের দিক থেকে বর্ধমানমুখী যাচ্ছিল পাথর বোঝাই ডাম্পারটি। ভোর তিনটা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কের গলসির পুরসাতে আসতেই একটি অজ্ঞাত লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে। ধাক্কার জেরে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে উল্টে যায়। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে ডাম্পারে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ এবং গলসি সাব ট্রাফিক গার্ডের আধিকারিকরা। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ডাম্পারের চালক ও খালাসিকে উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পুলিশ খবর দিলে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ডাম্পারটি।
নতুন গতি 
























