খান আরশাদ, বীরভূম:
পশ্চিমবঙ্গ আবাসের উপভোক্তাদের জন্য দ্বিতীয় কিস্তির আর্থিক সহায়তা প্রদান শুরু করা হল রাজনগরে। বৃহস্পতিবার বিকেলে নবান্নের সভাঘর থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়াল মাধ্যমে দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। সেই কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজনগর ব্লক প্রশাসনের উদ্যোগে বিডিও অফিস চত্বরে অবস্থিত রাজীব গান্ধী সেবা কেন্দ্রের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার উপভোক্তাদের হাতে দ্বিতীয় কিস্তির অর্থ প্রদানের প্রক্রিয়া শুরু হয়।
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন রাজনগর ব্লকের প্রায় ৬০০ জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি নির্মাণের দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হল। এই অর্থের মাধ্যমে উপভোক্তারা নিজেদের বাড়ি নির্মাণের পরবর্তী পর্যায়ের কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী এবং রাজনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ গড়াই জানান, প্রথম পর্যায়ে ৬০০ জন উপভোক্তার জন্য দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়া হলেও, বাকি প্রায় ১,৫০০ জন উপভোক্তাকেও খুব শীঘ্রই এই কিস্তির টাকা প্রদান করা হবে। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হবে।
ব্লক প্রশাসনের দাবি, পশ্চিমবঙ্গ আবাসের মাধ্যমে গ্রামীণ এলাকার গৃহহীন ও কাঁচা বাড়িতে বসবাসকারী মানুষের পাকা বাড়ির স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী বাড়ি নির্মাণের অগ্রগতি পর্যালোচনা করে ধাপে ধাপে কিস্তির অর্থ প্রদান করা হচ্ছে, যাতে নির্মাণকাজ সময়মতো সম্পূর্ণ করা যায়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত উপভোক্তাদের মধ্যেও উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়। দ্বিতীয় কিস্তির অর্থ হাতে পেয়ে তাঁরা দ্রুত বাড়ি নির্মাণের বাকি কাজ শেষ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
নতুন গতি 




















