নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: পুলিশি নিরাপত্তা সত্ত্বেও জনরোষের হাত থেকে ছাড় পেলেন না কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। রাতে বাড়ি ফিরলেও জনতার তাড়া খেয়ে এলাকা ছাড়তে বাধ্য হন তিনি ও তাঁর স্ত্রী, তথা সিতাইয়ের বিধায়ক, সঙ্গীতা রায়।
রাত তখন প্রায় ১১টা। দম্পতির ফেরার খবর ছড়িয়ে পড়তেই বাড়ির সামনে ও সিতাই বাজার এলাকায় বিক্ষোভ দেখানো শুরু হয় স্থানীয় বাসিন্দাদের একাংশের তরফ থেকে। পাশাপাশি তোলা হয় ‘গো ব্যাক’ স্লোগানও। পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও এই উত্তপ্ত পরিস্থিতির জেরে কিছুক্ষণের মধ্যেই সিতাইয়ের বাড়ি ছাড়তে বাধ্য হন দুজনে এবং ফিরে যান কোচবিহারে নিজেদের ফ্ল্যাটে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই প্রসঙ্গে কোনও বক্তব্য তুলে ধরা হয়নি সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায় বা কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার তরফ থেকে।
প্রসঙ্গত, সংসদ অধিবেশন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে দিল্লি থেকে সোমবার ফেরেন কোচবিহারের এনসিপিআই সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। তাঁর ছেড়ে যাওয়া আসন সিতাই থেকে গত বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন তাঁর জায়া সঙ্গীতা রায়। কিন্তু তিনিও বর্তমানে ঋতব্রত তৃণমূলের দিকে ঝুঁকে রয়েছেন কালীঘাট পন্থীদের থেকে দূরত্ব বাড়িয়ে। দুজনের এই শিবির বদল নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা এবং তাঁরা বিক্ষোভ দেখান সোমবার রাতে। বলে রাখা ভালো, জগদীশ বর্মা বসুনিয়া একা নন, শিবির বদলের জন্য এলাকাবাসীর সমালোচনা ও ক্ষোভের মুখে পড়তে হয়েছে অনেককে, যা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি।
নতুন গতি 


























