দেবজিৎ মুখার্জী, কলকাতা: টালায় জল বিতরণ পাইপ ফাটায় কালীপুজোর পরের দিন সকাল থেকে জল-যন্ত্রণায় ভুগছে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকাগুলি। বুধবার ভ্রাতৃদ্বিতীয়ার সকালে পুরসভা জানিয়েছে, পাইপ মেরামতির কাজ চলছে। সেই কারণে নানা জায়গায় অস্থায়ীভাবে জল পরিষেবা বন্ধ থাকবে। তারা এও জানিয়েছে যে গত দুদিনের মতোই জলের গাড়ি পাঠানো হবে। কাজ শেষ হলে ৬-৭ ঘণ্টা পরে ফের পরিষেবা স্বাভাবিক হবে। পুরসভার তরফ থেকে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। সেটি 9831127522।
এদিকে টালা ব্রিজের শেষ প্রান্তে বিকল্প পাইপলাইন গড়া হচ্ছে। সূত্রের খবর, যে পাইপ ফেটে গিয়েছে, আপাতত তা আংশিকভাবে বন্ধ করা হবে। যদিও বিকল্প পাইপলাইনের কাজ কতদিনে সম্পন্ন হবে, তা স্পষ্ট নয়। এলাকাবাসীর দাবি, দ্রুত কাজ করা হোক। যদিও দিনরাত কাজ করে যাচ্ছেন কর্মীরা। রয়েছেন আধিকারিকরাও।
এদিকে এর প্রভাব পড়েছে চক্ররেল পরিষেবাতেও। বন্ধ আপ ও ডাউনে ট্রেন চলাচল। এই প্রসঙ্গে শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা বলেন, “ট্র্যাকে জল যাচ্ছিল, ট্র্যাক চেক করতেই হতো। আর আজ কালীপুজোর ভাসানের জন্য বিকেল ৪টের পরে তো এমনিই বন্ধ ছিল। জল বের করার ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা আশাবাদী সার্কুলার রেল পরিষেবা আগামিকাল থেকে স্বাভাবিক হয়ে যাবে।”
এই সংকটজনক পরিস্থিতি নিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ফেসবুকে পোস্টে লিখেছেন, “টালা রেলওয়ে ব্রিজ সংলগ্ন পাইপলাইনে লিকেজের কারণে জল সরবরাহে যে সাময়িক সমস্যা তৈরি হয়েছে, তা দ্রুত স্বাভাবিক করতে কলকাতা পুরনিগমের জল সরবরাহ দপ্তর নিরন্তর কাজ করে চলেছে। নাগরিকদের যাতে জলসঙ্কটে পড়তে না হয়, সেই লক্ষ্যে ইতিমধ্যেই ৪টি বরো এলাকায় ২৫৪টি জলের ট্যাঙ্কার মোতায়েন করে জল সরবরাহ করা হয়েছে। এর মধ্যে ১১৯টি গার্হস্থ্য প্রয়োজনে, ১০৯টি বস্তি এলাকায় এবং ২৬টি হাসপাতালে জল পৌঁছে দেওয়া হয়েছে। পাইপলাইন মেরামতির কাজও যুদ্ধকালীন তৎপরতায় এগিয়ে চলছে।”
নতুন গতি 














