দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিচারপতিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে মঙ্গলবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ করেছে কলকাতা হাই কোর্ট এবং ১৫ দিনের মধ্যে তাঁর জবাব তলব করেছে। তবে তাতে দমে যাননি কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তাঁর হুঁশিয়ারি, তিনি মাথা নত করার ছেলে নন। শুধু তাই নয়, অতীতে বিচারপতি থাকাকালীন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপি যোগ এবং পদ্ম শিবিরের নেতাদের বিচারব্যবস্থা সম্পর্কে কুমন্তব্যের প্রসঙ্গও তোলেন তিনি।
ঘটনার সূত্রপাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার থেকে। সেখানে বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাঁর অভিযোগ, বিচারপতিদের একাংশের বিজেপি যোগ রয়েছে। এই বিতর্কিত মন্তব্যের জল গড়ায় আদালত পর্যন্ত। গত বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমানোর সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিষয়টি তুলে ধরেন এবং দাবি করেন, কালীঘাট তৃণমূল সাংসদ বিচারপতির নাম উল্লেখ করেছেন। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে স্বত:প্রণোদিত আদালত অবমাননার মামলা চালু করার আবেদনও জানান।
মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ করে আদালত। বিচারপতি কৃষ্ণা রাওয়ের পর্যবেক্ষণ, অভিষেক যে মন্তব্যটি করেছেন, তা ফৌজদারি আদালত অবমাননার আওতায় পড়ে এবং এর জন্য কেন তাঁকে শাস্তি দেওয়া হবে না, তাঁর জবাব তাঁকে দিতে হবে। ১৫ দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন দিল্লি থেকে কলকাতা ফিরে এই প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “জুডিশিয়ারি যদি কনস্টিটিউশনাল অথরিটি হয়, তাহলে আমিও পাবলিক অথরিটি। বিচারব্যবস্থার রায় নিয়ে প্রশ্ন করার অধিকার আছে। দেশের সংবিধান এবং আমাকে নির্বাচিত করা নির্বাচকমণ্ডলী আমায় সেই অধিকার দিয়েছে।” তাঁর হুশিয়ারি, “আমি মাথা নত করার ছেলে নই।” জ্ঞানেশ কুমার, অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিপ্লব দেব, নিশিকান্ত দুবের প্রসঙ্গও টানেন অভিষেক। তিনি বলেছেন, “উনিই বলেছিলেন বিচারপতি থাকালীন ওনার সঙ্গে বিজেপির যোগ ছিল। পরে তিনি বিজেপির সাংসদ হন। দেশের মুখ্য নির্বাচন জ্ঞানেশ কুমার সুপ্রিম কোর্টের নির্দেশ মানেননি। তারপরেও তাঁর বিরুদ্ধে আবমাননার রুল জারি হয়নি। বিজেপি সাংসদ বিপ্লব দেব, নিশিকান্ত দুবেরা প্রত্যেকেই বিচারব্যবস্থা নিয়ে নানা সময়ে বিবিধ মন্তব্য করেছেন। কিন্তু তাঁদের শোকজ করা হয়নি।”
অভিষেকের প্রশ্ন, “কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর হলে, তা স্থগিত করে দেওয়া হয় আর আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলায় বারবার থানায় ডাকা হয়।” তিনি আরও বলেছেন, “পশ্চিমবঙ্গে আমাদের ক্ষমতাচ্যুত হতে হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসআইআর প্রক্রিয়া ঠিকমতো না হওয়ার জন্য। তারপরেও সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবমাননার নোটিস জারি করেনি।” তবে অভিষেক স্পষ্ট করেননি তিনি নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেবেন কিনা।
নতুন গতি 















