দেবজিৎ মুখার্জি: বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে ভোটমুখী এই বিজেপি শাসিত রাজ্যে ঘটল আরও এক চাঞ্চল্যকর ঘটনা। মেয়াদ শেষের আগেই আদালতে তুলে ফের হেফাজতে নেওয়া হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তথা সমাজবাদী পার্টির প্রবীণ নেতা, আজম খানকে। ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে ইতিমধ্যেই চরমে পৌঁছেছে রাজনৈতিক তরজা। একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগে নেমেছে গেরুয়া শিবির ও সমাজবাদী পার্টি।
মৌলানা মোহাম্মদ আলি জওহর ট্রাস্ট এবং জওহর বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনিয়ম সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য আজম খানকে রিমান্ডে নিয়েছিল ইডি। এদিন বিকেল সাড়ে ৪টেতে তাঁর সেই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে তার আগেই বেলা ১২টায় তাঁকে আদালতে হাজির করানো হয়। কোর্টের সামনেই তাঁর ডাক্তারি পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্রের কাজও শেষ করা হয়। শুনানিতে তাঁকে ১০ দিনের বিচার বিভাগীয় হেফাজতে দাসনা জেলে পাঠান বিচারক। মামলার পরবর্তী শুনানি চলতি মাসের ২৬ তারিখে।
প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন আজম খান। রামপুর জেলের বাইরে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রবীণ সপা নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ইডির লখনউ বিভাগের তদন্তকারী দল রাজধানীর সদর দপ্তরে গিয়েছিল। বার্ধক্য এবং স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি হাজিরা দিতে পারেননি ইডির অফিসে। আজম খান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ৫৮টি এফআইআর জমা পড়ে এবং তার ভিত্তিতেই মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, সপা শাসনকালে আসরা আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগে ১০ বছরের জেল হয়েছিল আজম খানের। তবে দুই বছর জেল খাটার পর ২০২৫ সালে তাঁকে জামিন দেয় আদালত। জেল থেকে বেরিয়েই নতুন করে বিপদে পড়লেন তিনি। এবার দেখার, বিধানসভা নির্বাচনের আগে বর্ষিয়ান সপা নেতার গ্রেফতারি উত্তরপ্রদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলে। এর জেরে আসন্ন ভোটে ধাক্কা খান কিনা অখিলেশ যাদবরা, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছেন ইউপির রাজনৈতিক মহলে।
নতুন গতি 
















