খান আরশাদ, বীরভূম:
দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে মানবিক উদ্যোগের নজির তৈরি হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং দৃষ্টিহীন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘অ্যাচিভার অর্গানাইজেশন’-এর উদ্যোগে বিশ্বভারতীর কো-অপারেটিভ সোসাইটির কক্ষে আয়োজিত হলো স্বেচ্ছা রক্তদান শিবির। ওয়েস্টবেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির তত্ত্বাবধানে এবং বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে তিনজন দৃষ্টিহীন ছাত্র-সহ মোট ২০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বোলপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারে পাঠানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্টবেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহ-সভাপতি নুরুল হক, বিশ্বভারতীর বিনয় ভবনের অধ্যাপক শুভ্রদীপ প্রামাণিক, শিক্ষা সত্রের সহকারী অধ্যাপিকা শম্পা রায়, প্রাক্তন সহকারী অধ্যাপক কিশোর ভট্টাচার্য-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
নুরুল হক বলেন, জেলায় এর আগে বিচ্ছিন্নভাবে দৃষ্টিহীন ব্যক্তিদের রক্তদানের নজির থাকলেও দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে এমন শিবির এবং একসঙ্গে একাধিক দৃষ্টিহীন ছাত্রের রক্তদান নিঃসন্দেহে উল্লেখযোগ্য ঘটনা। এই উদ্যোগ অন্যদেরও রক্তদানে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিবিরের অন্যতম উদ্যোক্তা ও দৃষ্টিহীন ছাত্র কার্তিক অধিকারী নিজেও রক্তদান করেন। তিনি জানান, রক্তদান সম্পর্কে মানুষের মধ্যে এখনও নানা ভুল ধারণা রয়েছে। সেই ভ্রান্ত ধারণা দূর করা এবং বিশেষভাবে সক্ষম বন্ধুদের নিয়ে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দৃষ্টিহীন ছাত্রদের এই উদ্যোগে একদিকে যেমন তাঁদের আত্মবিশ্বাস ও স্বনির্ভরতার প্রকাশ ঘটেছে, অন্যদিকে রক্তদানের মতো সামাজিক ও মানবিক কাজে তাঁদের সক্রিয় অংশগ্রহণও বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
নতুন গতি 

























