পূর্বস্থলী দক্ষিণে নব্য বিজেপি কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মানিক রায়। শুক্রবার বিকেলে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নসরতপুরে ‘পথের সাথী’-তে বিজেপির এক সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “২৫ টাকার গেরুয়া গামছা গলায় ঝুলিয়ে জয় শ্রীরাম বললেই বড় বিজেপি কর্মী হওয়া যায় না।”
মানিক রায় জানান, দোকান থেকে গেরুয়া গামছা কিনে গলায় ঝুলিয়ে নিজেদের দলের বড় কর্মী হিসেবে তুলে ধরছেন—এমন ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করা হবে। তাঁর দাবি, দলের নাম করে কেউ অপকর্ম করলে তার প্রভাব গোটা দলের ভাবমূর্তির উপর পড়ে। রাজ্য সভাপতির নির্দেশ মেনে দলের নাম ব্যবহার করে অপকর্মে যুক্ত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী দক্ষিণ ৪ নম্বর মণ্ডলের উদ্যোগে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি তাপস হালদার-সহ দলের কর্মীরা। সভামঞ্চ থেকেই নব্য কর্মীদের দলীয় শৃঙ্খলা ও দায়িত্ববোধের বার্তা দেন মানিক রায়।
নতুন গতি 
























