মালদা: মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মদিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করল ইংরেজবাজার পৌরসভা। শুক্রবার সকালে বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় গান্ধীজির পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর উদয় চৌধুরী-সহ অন্যান্যরা।
গান্ধীজয়ন্তী উপলক্ষে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ‘সেবা মিত্র’ শিবিরেরও সূচনা করা হয়। ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত মালদা টাউন হল, আইটিআই কলেজ, রেলওয়ে ইনস্টিটিউট-সহ মোট সাতটি কেন্দ্রে এই শিবির চলবে।
শিবিরে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, অন্নপূর্ণা ভাণ্ডার-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন উপভোক্তারা। পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমালা আগরওয়ালা জানান, সরকারি প্রকল্পের সুবিধা পেতে যাতে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিবিরের মাধ্যমে দ্রুত ও সহজে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
নতুন গতি 


















