নতুন গতি প্রতিবেদন, দক্ষিণ দিনাজপুর: জঙ্গি কার্যকলাপ কেন্দ্রিক মামলার তদন্ত করতে মঙ্গলবার সকালে জাতীয় তদন্তকারী সংস্থা, ওরফে এনআইএ তল্লাশি ঘিরে চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার কুসকারি মুন্দেহার এলাকায়। বংশীহারি থানার পুলিশকে সঙ্গে নিয়ে সংস্থার আধিকারিকরা হানা দেন মিজানুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে।
যদিও বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে কী উদ্ধার হয়েছে বা মিজানুর বা তাঁর পরিবারের কারোর বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, এনআইএও কিছু জানায়নি।
জানা গিয়েছে, মিজানুরের এক ছেলে ও মেয়ে রয়েছে, যার বিয়ে হয়ে গিয়েছে। তাঁর ছেলে মুজিবুর রহমান বহুদিন ধরেই বাইরে উচ্চশিক্ষার জন্য এবং ইউপিএসসি পরীক্ষার জন্যও তৈরি হচ্ছেন। স্থানীয় সূত্রের খবর, গত জানুয়ারি মাস পর্যন্ত মুজিবুর বাড়িতে ছিলেন এবং তারপর থেকেই তাঁর আর খবর নেই। যদিও শুধু দক্ষিণ দিনাজপুরই নয়, মঙ্গলবার এই বিষয়ে এনআইএ তল্লাশি চালিয়েছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, পূর্ব বর্ধমান সহ মোট পাঁচ জায়গায়। এছাড়া অসম ও কেরালায়ও চলেছে তল্লাশি।
নতুন গতি 




















