নতুন গতি প্রতিবেদন, কোচবিহার: অন্নপূর্ণা প্রকল্পের টাকা না মেলায় সেবা সেতু শিবিরেই ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। শুক্রবার কোচবিহারের রবীন্দ্র ভবন ও উৎসব অডিটোরিয়ামে আয়োজিত চলতি সেবা সেতু শিবিরে বিভিন্ন সমস্যা নিয়ে সমাধানের আশায় ভিড় করেন বহু মানুষ। কিন্তু সেখানে অন্নপূর্ণা প্রকল্পের কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন একাধিক মহিলা। বিক্ষোভকারীদের অভিযোগ, গত প্রায় চার মাস ধরে তাঁরা অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাচ্ছেন না। সমস্যা সমাধানের আশায় বিভিন্ন দপ্তর ও জায়গায় গিয়েও কোনও সুরাহা হয়নি। তাঁদের আরও অভিযোগ, বারবার আবেদন ‘আন্ডার প্রসেস’ দেখিয়ে ঝুলিয়ে রাখা হচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। এদিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রবীন্দ্র ভবনের মূল গেটের কাছে গিয়ে প্রতিবাদে সরব হন মহিলারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারীদের দাবি, শিবিরে সমস্যার সমাধানের আশ্বাস নয়, অন্নপূর্ণা প্রকল্পের বকেয়া টাকা দ্রুত মেটানোর ব্যবস্থা করতে হবে। উল্লেখ্য, শুধু কোচবিহার নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেও অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে মহিলাদের বিক্ষোভের খবর সামনে এসেছে।
নতুন গতি 


















