আক্তারুল খান, উলুবেড়িয়া: নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে রূপনারায়ণ নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। নদীর জলস্তর বাড়ায় হাওড়ার দ্বীপাঞ্চলের ঘোড়াবেড়িয়া চিৎনান গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকরা আতঙ্কে রয়েছে। নদীর জল বাঁধ উবচে চাষের জমিতে ঢুকে পড়ার আশঙ্কা করছেন তাঁরা। সেই আশঙ্কায় ধান চাষ রক্ষায় নিজেরাই বাঁধ মেরামতির কাজে নেমেছেন কৃষকরা।
শনিবার সকাল থেকেই এলাকার কৃষকরা বস্তায় মাটি ভরে নদীর বাঁধ মেরামতের কাজ শুরু করেন।তাঁদের আশঙ্কা, নদীর জলস্তর আরও বাড়লে বাঁধ উবচে জল ঢুকে পড়তে পারে। পরিস্থিতি খারাপ হলে বাঁধের একাংশ ভেঙে গিয়ে এলাকার কয়েকশো বিঘা ধানজমি জলের তলায় চলে যেতে পারে।
স্থানীয় কৃষক সহদুল ইসলাম বলেন, বৃষ্টির পর থেকে রূপনারায়ণের জল অনেকটাই বেড়েছে। নদীর জল যেভাবে বাঁধে ধাক্কা মারছে, তাতে পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত। জল ঢুকে পড়লে চাষের পাশাপাশি পুকুরেরও ক্ষতি হবে। তাই আগেভাগেই বাঁধ মেরামতের চেষ্টা করছি।আর এক কৃষক রাজকুমার সামন্তের কথায়, আর কিছুদিন পর থেকেই ধান কাটা হবে। এই সময় জমিতে জল ঢুকে গেলে তৈরি ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
তাই চাষ বাঁচাতে গ্রামের কৃষকরা একত্রিত হয়ে বাঁধ রক্ষার চেষ্টা করছেন।
নতুন গতি 






















