নতুন গতি প্রতিবেদন, জলপাইগুড়ি: লাগাতার বৃষ্টির জেরে বৃদ্ধি পেয়ে চলেছে তিস্তায় জলস্তর। এমন শোচনীয় পরিস্থিতিতে নদীর পাড়ের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরার নির্দেশ দিয়েছে প্রশাসন। পাশাপাশি, হাতির শাবকের ভেসে যাওয়ার ঘটনা ঠেকানোর দিকেও প্রশাসনের নজর রয়েছে।
শুক্রবার সকালে বৃষ্টির পাশাপাশি গজলডোবা তিস্তা ব্যারাজের একাধিক গেটও খোলা থাকার জেরে আরও বেড়েছে জলস্তর। অসংখ্য পরিবারের বাস তিস্তার ক্রান্তি ব্লকের আপালচাঁদ এলাকা থেকে দোমোহনি পর্যন্ত কয়েক কিলোমিটার জুড়ে নদী লাগোয়া এলাকায়। সেদিকে নজরদারি চালাচ্ছে প্রশাসন।
প্রসঙ্গত, গত সোমবার মায়ের সঙ্গে হস্তিশাবকটি এসেছিল তিস্তার পাড়ে। জলের তোড়ে ভেসে যাওয়ার পর তিস্তা নদীর চরেই ছুটে বেড়াচ্ছিল মা। যদিও পরে মাঝিদের তৎপরতায় রক্ষা পায় হস্তিশাবক। বন দপ্তর সূত্রে খবর, গজলডোবার দু’প্রান্তের জঙ্গলে ঘোরাফেরা রয়েছে হাতির। তিস্তা পেরোতে দিয়ে যাতে ফের বিপদে না পড়ে হাতিরা, সেদিকে রয়েছে অতিরিক্ত সতর্কতা।
নতুন গতি 




















