বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবার জেলা হাসপাতাল চত্বর ও সংলগ্ন এলাকায় খাবারের দোকানগুলিতে আচমকা অভিযান চালাল ডায়মন্ড হারবার পৌরসভার ফুড সেফটি বিভাগ। হাসপাতালের সামনে ও আশপাশের একাধিক দোকানে পরিদর্শন চালিয়ে খাবারের গুণমান, রান্নার পরিবেশ, সংরক্ষণ ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা খতিয়ে দেখেন আধিকারিকরা।
অভিযান চলাকালীন কয়েকটি দোকানে স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে না বলে অভিযোগ ওঠে। এরপর নিয়ম না মানা কয়েকটি দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, অন্যান্য ব্যবসায়ীদেরও খাবার ঢেকে রাখা, পরিষ্কার পরিবেশে রান্না করা এবং বাসি বা দীর্ঘক্ষণ সংরক্ষিত খাবার পরিবেশন না করার বিষয়ে সতর্ক করা হয়।
ডায়মন্ড হারবার পৌরসভার ফুড সেফটি অফিসার ডক্টর মুকুলিকা বাগচী জানান, হাসপাতাল চত্বর ও সংলগ্ন এলাকার খাবারের দোকানগুলিতে খাবারের মান এবং পরিচ্ছন্নতা খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হয়েছে।
হাসপাতালে প্রতিদিন বহু রোগী ও তাঁদের পরিজন আসেন। তাঁদের অনেকেই হাসপাতালের আশপাশের দোকান থেকে খাবার কিনে খান। তাই এই এলাকার খাবারের দোকানগুলিতে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই নয়, ব্যবসায়ীদের খাদ্য নিরাপত্তা সম্পর্কে সচেতন করাও এই অভিযানের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে।
নতুন গতি 



























