রামগঙ্গায় দুই তৃণমূল কর্মাধ্যক্ষকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান ও গণধোলাইয়ের অভিযোগে চাঞ্চল্য ছড়াল। ঘটনায় আহত হয়েছেন পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ বিবেক পদ্দার এবং খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ শশাঙ্ক হালদার। তাঁদের গাড়িচালক সুবিনয় পট্টনায়কও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ।
জানা গিয়েছে, বিডিও অফিসে যাওয়ার পথে রামগঙ্গায় তাঁদের ঘিরে প্রথমে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, কর্মাধ্যক্ষদের লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। এরপরই একদল মানুষ তাঁদের উপর চড়াও হয়ে মারধর শুরু করেন বলে অভিযোগ। খবর পেয়ে পাথরপ্রতিমা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করে।
অভিযোগ, গাড়িচালক সুবিনয়কে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁর শরীরের বিভিন্ন জায়গায় চিকিৎসা ও সেলাই করা হয় বলে পরিবারের দাবি।
ছেলের এই অবস্থায় কান্নায় ভেঙে পড়েন সুবিনয়ের বাবা-মা। তাঁদের প্রশ্ন, “আমাদের ছেলে কী অপরাধ করেছে? গাড়ি চালিয়ে কাউকে নিয়ে যাওয়াই কি অপরাধ?”
ঘটনায় তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুললেও তা অস্বীকার করেছে বিজেপি। এদিকে, গণধোলাইয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।
বিঃদ্রঃ ভিডিওটির সত্যতা আমাদের চ্যানেল যাচাই করেনি।
নতুন গতি 


























