দক্ষিণ ২৪ পরগনা: পাথর কারখানার কম্পন ও তীব্র শব্দের প্রতিবাদকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার মালঞ্চ পদ্মপুকুর এলাকায় বিজেপি ও আইএসএফের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভাঙড় থানার পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, পাথর ভাঙার মেশিন চালানোর সময় এলাকায় ব্যাপক কম্পন ও তীব্র শব্দ হচ্ছে। এর জেরে বেশ কিছু পাকা ও কাঁচা বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে বলেও অভিযোগ তাঁদের। এই সমস্যার প্রতিবাদ জানানোকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায় বলে জানা গিয়েছে।
বিজেপির বুথ সভাপতি শিবু দেবনাথের অভিযোগ, পাথর কারখানার বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁর বাড়িতে হামলা চালানো হয়। তাঁর স্ত্রী পলি দেবনাথকেও মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, আইএসএফ নেতা আসাদুল মোল্লার অভিযোগ, কারখানার দিকে ইট-পাটকেল ছোড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাঁর উপর হামলা চালানো হয়। ঘটনায় তিনি এবং আইএসএফ কর্মী সান্টু মোল্লা আহত হয়েছেন বলে দাবি।
ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নতুন গতি 

























