নিজস্ব সংবাদদাতা, বড়ঞা, মুর্শিদাবাদ: নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে ক্রেতাদের হয়রানি বরদাস্ত করবে না প্রশাসন। বাজারদর নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার বড়ঞা থানার ডাকবাংলা এলাকায় একাধিক মুদি দোকানে আচমকা অভিযান চালাল মহকুমা প্রশাসন ও পুলিশ। দোকানের পণ্যের দাম, মজুত সামগ্রী, গুদাম এবং ভেজাল পণ্য বিক্রি হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন আধিকারিকরা।
অভিযান চলাকালীন চিনি, সর্ষের তেল, চাল-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম যাচাই করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রি এবং অতিরিক্ত দাম নিয়ে ক্রেতাদের হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়।
কান্দির মহকুমা পুলিশ আধিকারিক শেখ হাবিবুল্লাহ ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দেন, ইচ্ছেমতো পণ্যের দাম বাড়ানো যাবে না। অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে গোপন সূত্রেও নজরদারি চালানো হচ্ছে বলে সতর্ক করেন তিনি।
এদিনের অভিযানে উপস্থিত ছিলেন কান্দির মহকুমা শাসক মধুশ্রী, বড়ঞার বিডিও সৌভিক সরকার, বড়ঞা থানার ওসি বিদ্যুৎ সরকার এবং কান্দি মহকুমা বিপণন দপ্তরের আধিকারিকরা।
প্রশাসনের এই আকস্মিক অভিযানে ডাকবাংলার ব্যবসায়ী মহলে তৎপরতা ছড়ায়। সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষা ও বাজারদরে লাগাম টানতেই এই উদ্যোগ। আগামী দিনেও এমন নজরদারি অব্যাহত থাকবে কি না, এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।
নতুন গতি 




















