শিলিগুড়ি, ২০ নভেম্বর: রোগী পরিবহণের আড়ালে মদ পাচারের চেষ্টা! অ্যাম্বুল্যান্সকে কাজে লাগিয়ে মদ পাচারের অভিনব কৌশল ফাঁস করল আবগারি দফতর। শিলিগুড়ির বেঙ্গল সাফারির কাছে জাতীয় সড়ক ১০-এ একটি অ্যাম্বুল্যান্স আটক করে ৭৩৫ লিটার মদ উদ্ধার করলেন ভক্তিনগর আবগারি দফতরের আধিকারিকরা। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ১৩ লক্ষ ৫৭ হাজার টাকা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ভক্তিনগর আবগারি দফতরের আধিকারিকরা অভিযান চালিয়ে বেঙ্গল সাফারির কাছে জাতীয় সড়ক ১০-এ সন্দেহজনক অ্যাম্বুল্যান্সটিকে আটক করেন। এরপর গাড়িতে তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ মদের হদিস মেলে। মোট ৭৩৫ লিটার মদ উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়।
সাধারণত জরুরি রোগী পরিবহণে ব্যবহৃত অ্যাম্বুল্যান্সকে কীভাবে পাচারের কাজে লাগানো হচ্ছিল, তা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে মদ আনা হয়েছিল এবং কোথায় তা পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন আবগারি আধিকারিকরা। অ্যাম্বুল্যান্সের মতো জরুরি পরিষেবার গাড়িকে পাচারের কাজে ব্যবহারের ঘটনায় নিরাপত্তা ও নজরদারি নিয়েও প্রশ্ন উঠছে।
নতুন গতি 












