সঞ্জয় গোস্বামী, তারকেশ্বর, হুগলি: হুগলির তারকেশ্বরের নোরতলায় অবস্থিত সুমন চানাচুর ফ্যাক্টরিকে ঘিরে ফের চাঞ্চল্য। চানাচুরের প্যাকেটের ভিতর মরা ইঁদুর পাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই শুরু হয়েছে বিতর্ক। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি ‘নতুন গতি’।
ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে এলাকার বেশ কয়েকজন মহিলা ফ্যাক্টরির সামনে জড়ো হয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চান, কীভাবে চানাচুরের প্যাকেটের ভিতর মরা ইঁদুর ঢুকল। অভিযোগ, এরপর ফ্যাক্টরির দরজা বন্ধ করে দেওয়া হয় এবং কর্মীদের একাংশ তাঁদের উপর চড়াও হন। কয়েকজন মহিলাকে মারধর, তাঁদের পোশাক ছিঁড়ে দেওয়া এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনার পর তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
অন্যদিকে, ফ্যাক্টরি কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। মালিকের দাবি, ব্যবসা নষ্ট করার উদ্দেশ্যে একটি চক্র পরিকল্পিতভাবে তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানান। তাঁর প্রশ্ন, প্যাকেটে সত্যিই মরা ইঁদুর থাকলে তা থানায় জানানো বা পরীক্ষার জন্য পাঠানো হল না কেন?
ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। অভিযোগ ও পাল্টা অভিযোগে তারকেশ্বরের এই চানাচুর ফ্যাক্টরি ফের খবরের শিরোনামে।
নতুন গতি 


























