হাসান লস্কর, কুলতলী, দক্ষিণ চব্বিশ পরগনা: সুন্দরবনের একাধিক পর্যটন ও বনকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বিট অফিস সংলগ্ন এলাকায় দীর্ঘদিন আগে বসানো স্টিল ফিল্ড নেট বর্তমানে অকেজো ও দুর্বল হয়ে পড়েছে। ফলে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।বন্যপ্রাণী ও মানুষের সংঘাত এড়াতে সুন্দরবনের বনকর্মীরা ২৪ ঘণ্টা নিরলসভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। অথচ তাঁদের কর্মস্থলের নিরাপত্তা ব্যবস্থাই যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে বনকর্মী ও পর্যটক—উভয়ের নিরাপত্তাই প্রশ্নের মুখে পড়ে।
কুলতলী বিট, বনি ক্যাম্প, চুলকাটি ক্যাম্প, কলস ক্যাম্প, ভগবতপুর কুমির প্রকল্পসহ একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে দ্রুত পরিকাঠামো পরিদর্শন এবং অকেজো স্টিল নেট পরিবর্তনের দাবি উঠেছে সুন্দরবনপ্রেমীদের মধ্যে।সুন্দরবনের মতো সংবেদনশীল এলাকায় বাঘ বা অন্য বন্যপ্রাণীর গতিবিধি কখন কোথায় হবে, তা আগে থেকে বলা যায় না। তাই দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা জরুরি।সুন্দরবনের বনকর্মী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত নতুন স্টিল ফিল্ড নেট বসানো, পুরনো পরিকাঠামো মেরামত এবং প্রতিটি ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার দাবি জানানো হচ্ছে।বাংলার ফুসফুস সুন্দরবনকে নিরাপদ ও সুন্দর রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক সরকার—এমনই দাবি সুন্দরবনপ্রেমীদের।
নতুন গতি 























