খান আরশাদ, বীরভূম:
রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় বীরভূমের রাজনগরের শিবায়ন, গর্বিত এলাকাবাসী।
বীরভূম জেলার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক খুদে প্রতিভা এবার রাজ্য স্তরের ক্রীড়া আঙিনায় নিজের জায়গা করে নিল। জেলা স্তরের ৪১ তম বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতায় ‘ফুটবল থ্রো’ ইভেন্টে জেলায় প্রথম স্থান অধিকার করে সবার নজর কেড়েছে রাজনগরের রানীপুর গ্রামের খুদে ছাত্র শিবায়ন ব্যানার্জি।
উল্লেখ্য গত ২৯ ও ৩০শে ডিসেম্বর বীরভূমের মহম্মদবাজার ব্লকের প্যাটেল নগরে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য জেলা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা। জেলার ৩০টি চক্রের খুদে পড়ুয়ারা মোট ১৩৪টি ইভেন্টে অংশ নিয়েছিল। চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SRDA-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সাংসদ শতাব্দী রায়, বিধায়ক বিকাশ রায় চৌধুরী, বিধায়ক লীলাবতী সাহা এবং প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ডঃ প্রলয় নায়েক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রাজনগরের রাওতাড়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শিবায়ন। সে রাজনগর থানার ভিলেজ পুলিশ ত্রিলোচন ব্যানার্জি (বুবাই) র পুত্র। জেলা স্তরের এই প্রতিযোগিতায় ফুটবল থ্রো ইভেন্টে ২৮ মিটার থ্রো করে সে ১ম স্থান দখল করে। এই সাফল্যের হাত ধরেই সে এবার রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে।
ছেলের এই অসামান্য কৃতিত্বে আপ্লুত ও গর্বিত বাবা ত্রিলোচন ব্যানার্জি ও মা প্রিয়া ব্যানার্জি। শিবায়নের সাফল্যে খুশির হাওয়া বইছে গোটা রাজনগর ব্লক ও রানীপুর গ্রাম জুড়ে। শিবায়নের পরিবার ও স্কুল কর্তৃপক্ষ আশাবাদী, জেলার গণ্ডি ছাড়িয়ে এবার রাজ্য স্তরেও সে রাজনগরের নাম উজ্জ্বল করবে। শিবায়নের আগামী লড়াইয়ের জন্য সমস্ত রাজনগরবাসীর কাছে আশীর্বাদ চেয়েছেন তার বাবা-মা।
নতুন গতি 












