শিলিগুড়ি: গরুচোর সন্দেহে গণপিটুনির জেরে একজনের মৃত্যু এবং আরও একজনের গুরুতর জখম হওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি সংলগ্ন এলাকায়। একই ঘটনায় দুটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উত্তেজিত জনতার বিরুদ্ধে। ঘটনাটি মাটিগাড়া ও বাগডোগরা থানা এলাকার সঙ্গে সম্পর্কিত।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি শহর ও পার্শ্ববর্তী নকশালবাড়ি, বাগডোগরা এবং মাটিগাড়া এলাকায় রাতে গবাদিপশু চুরির অভিযোগ উঠছিল। সেই কারণে স্থানীয় বাসিন্দারাও সতর্ক ছিলেন।
অভিযোগ, শনিবার ভোররাতে মাটিগাড়া থানার তারাবাড়ি এলাকার বালাসন নদীর ধারে একটি সন্দেহভাজন গাড়ি দেখতে পান স্থানীয়রা। গাড়িটিকে ঘিরে মুহূর্তের মধ্যে বহু মানুষ জড়ো হয়ে যান। এরপর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি ভিতরে থাকা ব্যক্তিদের ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে।
অভিযোগ, গণপিটুনির পর এক ব্যক্তিকে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এদিকে, মাটিগাড়া এলাকায় সন্দেহভাজনদের ব্যবহৃত দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।
খবর পেয়ে মাটিগাড়া ও বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না।
নতুন গতি 




























