
খান আরশাদ, বীরভূম:
রাজনগরের ডাকবাংলোয় হাই স্কুল মাঠে ব্যবসায়িক রুম নির্মাণের প্রতিবাদে স্থানীয়রা।
রাজনগরের ডাক বাংলোয় রাজনগর হাই স্কুলের নিজস্ব মাঠে ব্যবসায়িক রুম নির্মাণ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ এটা হলে খেলার মাঠটি অনেক ছোট হয়ে যাবে।
স্থানীয় সুমিত দত্ত, দেবাশীষ চ্যাটার্জী ওরফে পীযূষ চ্যাটার্জি, রঞ্জিত গড়াই, গিরিধারী পাল, ভোলানাথ মালাকারদের অভিযোগ বিদ্যালয়ের ওই মাঠে বাম আমলে একটি কমিউনিটি হল নির্মাণ করা হয়েছে, পরবর্তীতে তার পাশেই একটি রান্নাঘর নির্মাণ করা হয়েছে, ফলে মাঠটি অনেকটা ছোট হয়ে এসেছে। এরপরও যদি ব্যবসায়িক রুম নির্মাণ করা হয় তাহলে মাঠটি একেবারে ছোট হয়ে পড়বে এবং খেলাধুলার আর উপযুক্ত থাকবেনা। এই অভিযোগে রাজনগরের কিছু মানুষ রাজনগরের বিডিও ও রাজনগর হাই স্কুলের প্রধান শিক্ষককে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জানান। যাতে হাই স্কুল মাঠে রুম নির্মাণ বন্ধ করা হয়।

রাজনগর হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি রানা প্রতাপ রায় এ বিষয়ে বলেন ব্যবসায়িক রুমগুলি হাই স্কুলের স্বার্থেই তৈরি করা হচ্ছে। হাই স্কুলের তরফে যেসব অস্থায়ী কর্মী রাখা হয়, তাদের সাধারণত স্কুলের ফান্ড থেকেই বেতন মিটাতে হয়। ফলে এই রুম গুলি নির্মাণ হলে এখান থেকে যে অর্থটা আসবে সেটা বিদ্যালয়ের স্বার্থেই খরচ হবে এবং বিদ্যালয়ের উন্নতিকল্পে খরচ করা হবে। পাশাপাশি রানা প্রতাপ রায় জানিয়েছেন রুমগুলি নির্মাণের সিদ্ধান্ত স্থানীয়দের এবং খেলা প্রেমী মানুষদের সাথে আলোচনা করেই করা হয়েছে। এই রুমগুলি নির্মাণ হলে মাঠটির কোনো ক্ষতি হবে না।
রাজনগর উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্ত জানান রাজনগর হাই স্কুলের ওই খেলার মাঠের জায়গাটিতে রাজনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে রূমগুলি নির্মাণ করা হচ্ছে। সেখানে নয়টা রুম তৈরি হবে। রুমগুলি থেকে প্রাপ্ত টাকা স্কুলের উন্নতিকল্পে লাগানো হবে। এমন বহু ক্ষেত্রে রয়েছে যেগুলিতে হাইস্কুলের নিজস্ব ফান্ড থেকেই অর্থ দিতে হয়। যেখানে বিদ্যালয়ের ঝাড়ুদার, নাইট গার্ডদের টাকা মেটানো সহ অনেক ক্ষেত্রেই স্কুলকেই তার নিজস্ব ফান্ড থেকে টাকা দিতে হয়, রুমগুলি তৈরি হলে সেখান থেকে প্রাপ্ত বছরে লক্ষাধিক টাকা স্কুলের উন্নতিকল্পে ব্যয় করা সম্ভব হবে। এমনটাই আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

এদিকে সুমিত দত্ত, পীযুষ চ্যাটার্জীরা জানিয়েছেন তাঁররা বিষয়টি জেলা শাসককেও জানাবেন এবং অবিলম্বে সেখানে যেন রুম নির্মাণ বন্ধ হয় তার আবেদন জানাবেন।
নতুন গতি 















