আব্দুল গফফার, নতুন গতি, কল্যাণী: শারদোৎসবের প্রাক্কালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা শিক্ষার জার্নালিজম সার্টিফিকেট কোর্সের দশম ব্যাচের সূচনা হল। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বিদ্যাসাগর সভাগৃহে আয়োজিত অনুষ্ঠানে নবম ব্যাচের শিক্ষার্থীদের হাতে শংসাপত্রও তুলে দেওয়া হয়।
উদ্বোধনী সংগীত ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধন করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল। উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক পার্থপ্রতিম সরকার, প্রধান অতিথি প্রসার ভারতীর পরামর্শদাতা সম্পাদক প্রসেনজিৎ বক্সী এবং আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সহকারী অধিকর্তা সন্দীপন দাশগুপ্ত। এছাড়াও ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাবিত্রী নন্দ চক্রবর্তী, জার্নালিজম সার্টিফিকেট কোর্সের পরিচালক অধ্যাপক সুখেন বিশ্বাস-সহ শিক্ষক-শিক্ষিকা ও রাজ্যের বিভিন্ন জেলার পড়ুয়ারা।
অনুষ্ঠানে সাংবাদিকতায় তথ্য যাচাই ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব দেন প্রসেনজিৎ বক্সী। তাঁর বক্তব্য, সামাজিক মাধ্যমে সরাসরি খবর বা অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। সরকারি অনুষ্ঠান বা গুরুত্বপূর্ণ কার্যক্রমের সরাসরি সম্প্রচারে সংবেদনশীল তথ্য প্রকাশ্যে চলে এসে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করতে পারে। তাই খবর সম্প্রচারের আগে সত্যতা যাচাই ও দায়িত্বশীলতার সঙ্গে তা পরিবেশনের উপর জোর দেন তিনি।
অন্যান্য অতিথিরাও ভিউ বাড়ানোর প্রতিযোগিতায় সংবাদমাধ্যমের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কার কথা বলেন। শেষে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে ‘আগমনী উৎসব’ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
নতুন গতি 
























