নতুন গতি, উত্তরবঙ্গ: চলতি বছরের জুলাই মাসে শিলিগুড়ি ও ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই কদিনের ব্যবধানে ফের উত্তরবঙ্গে পা রাখতে চলেছেন তিনি। জানা গিয়েছে, আগামী ২০ থেকে ২২ অগাস্ট পর্যন্ত হওয়ার কথা তাঁর এই উত্তরবঙ্গ সফর।
নবান্ন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র মারফত জানা গিয়েছে, এই সফরে বাড়তি গুরুত্ব দেওয়া হবে সীমান্ত সুরক্ষাকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনায় বসবেন সীমান্তবর্তী জেলাগুলির জেলাশাসক ও পুলিশ প্রধানদের সঙ্গে। কীভাবে সীমান্ত এলাকার নিরাপত্তা সুগঠিত করা যাবে এবং অবৈধ নগদ টাকা লেনদেন ও চোরাচালান রোখা যাবে, তা নিয়ে হবে পর্যালোচনা বৈঠক। পাশাপাশি, কথা রয়েছে তাঁর এক বিশেষ প্রদর্শনশালার উদ্বোধন করারও।
এছাড়াও অমিত শাহের এই সফরের অন্যতম প্রধান বিষয় নতুন ফৌজদারি আইন প্রয়োগকে কেন্দ্র করে প্রশাসনিক আলোচনা। এই শাহী সফরে নিরাপত্তায় যাতে কোনও খামতি না থাকে, তার জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছে নবান্ন। প্রসঙ্গত, রাজ্য বিজেপি সরকার গঠনের পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ দলের একাধিক নেতা শুরু থেকেই এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত যাবতীয় সব বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই আবহে শাহের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ওয়াকিবহাল মহলের মতে, তিনি এই উত্তরবঙ্গ সফর থেকে বড় কিছু ঘোষণা করলেও করতে পারেন।
নতুন গতি 

















