খান আরশাদ, বীরভূম:
গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বীরভূমের রাজনগর থানা এলাকার কানমোড়া গ্রামে। মঙ্গলবারের এই ঘটনায় এক পরিবারের বাড়ির যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে কয়েক হাজার টাকা নগদ অর্থও। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, কানমোড়া গ্রামের বাসিন্দা শেখ রাজু বাড়ির রান্নার জন্য একটি গ্যাস সিলিন্ডার নিয়ে আসেন। রান্না করার সময় হঠাৎই সিলিন্ডারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র সহ অন্যান্য জিনিসপত্র।
আগুন দেখে আতঙ্কে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা প্রথমে নিজেরাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তাঁদের চেষ্টা ব্যর্থ হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজনগর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পরে দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে দীর্ঘ চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক শেখ রাজু জানিয়েছেন, বাড়িতে রাখা যাবতীয় প্রায় সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। দরকারি কিছু কাগজপত্র, জামাকাপড়, খাদ্যসামগ্রী থেকে শুরু করে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই আর অবশিষ্ট নেই। পাশাপাশি ঘরে রাখা কয়েক হাজার টাকা নগদ অর্থও আগুনে পুড়ে গেছে বলে জানান তিনি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
নতুন গতি 
























