দেবজিৎ মুখার্জি: সোমবার বিলকিস বানো গণধর্ষণ মামলায় দুই আসামিকে জামিন দিয়েছে শীর্ষ আদালত, যা ঘিরে এই মুহূর্তে উত্তপ্ত জাতীয় রাজনীতি। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বিলকিস বানো। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্তে তাঁর খুব ভয় লাগছে। এখানেই শেষ নয়, তিনি আইনি লড়াইয়ে নামার হুঁশিয়ারিও দিয়েছেন।
২০০২ সালে গোধরা দাঙ্গাকে ঘিরে জ্বলেছিল গোটা গুজরাট। সেই সময়ে বিলকিস বানোকে ধর্ষণের অভিযোগে আজীবন কারাদণ্ড দেওয়া হয় ১১ জনকে। তবে ২০২২ সালের ১৫ আগস্ট হঠাৎ তাদের মুক্তি দেওয়া হয় গুজরাট হাই কোর্টের তরফ থেকে। এরপর সুপ্রিম কোর্টে যান বিলকিস। শীর্ষ আদালত জানায়, গুজরাট সরকারের এক্তিয়ার নেই ধর্ষকদের মুক্তি দেওয়ার এবং তাদের অবিলম্বে কারাগারে ফিরতে হবে।
তবে সোমবার সম্পূর্ণ বিস্ময়কর নির্দেশ দেয় শীর্ষ আদালত। দুই আসামিকে দেওয়া হয় জামিন। খবর জানাজানি হতেই বিভিন্ন মহল থেকে ধেয়ে এসেছে তীব্র সমালোচনা। কীসের ভিত্তিতে তাঁদের জামিন দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত, সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে গোটা দেশে। এই মুহূর্তে গোটা জাতীয় রাজনীতি সুপ্রিম কোর্টের এই নির্দেশ ঘিরে সরগরম।
মঙ্গলবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান প্রকাশ্যে এনেছেন বিলকিস বানো। নিজের আইনজীবী শোভা গুপ্তার দ্বারা একটি বিবৃতি জারি করে বিলকিস জানিয়েছেন, “আমাকে বক্তব্য না শুনেই এই নির্দেশ দেওয়া হয়েছে। আমি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে বিষয়টি জানতে পেরেছি।” ২০০২ সালের গুজরাট দাঙ্গার ভয়াবহ দিনগুলির কথাও তুলে ধরেন তিনি। বিলকিস বানো জানিয়েছেন, “সেই দিনটির পর থেকে দীর্ঘ ২৪ বছর ধরে আমি নিজের জন্য এবং সব জায়গার নারীদের ন্যায়বিচারের দাবিতে বারবার লড়াই চালিয়ে গিয়েছি।”
তিনি আরও জানিয়েছেন, “মানুষের সমর্থন আমাকে দীর্ঘ আইনি লড়াই চালিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে।ধীরে ধীরে ন্যায়বিচারের উপর পুনরায় আস্থা ফিরে পেতে সাহায্য করেছে। তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশ আমার সেই নিরাপত্তা বোধকে ভেঙে দিয়েছে এবং পুরনো আতঙ্ক ফিরিয়ে দিয়েছে। আজ মনে হচ্ছে, যে ন্যায়বিচার পাওয়ার জন্য আমি এত কঠোর লড়াই করেছি, তাই যেন হাতছাড়া হয়ে যাচ্ছে। পুরনো আতঙ্ক ফিরে আসছে।” বিলকিসের হুঁশিয়ারি, “আমি এই নির্দেশের বিরুদ্ধে লড়াই করব। আমাকে করতেই হবে। আমি আমার সন্তানদের জন্য এটি করছি। কারণ, এটা কাম্য নয় যে, তারা সারাজীবন ভয় ও ক্ষতচিহ্নের বোঝা বয়ে বেড়াবে।”
নতুন গতি 














