নতুন গতি প্রতিবেদন, শিলিগুড়ি: আধার কার্ড না থাকায় হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা পেতে সমস্যায় পড়ছেন বহু মানুষ। শিশু-কিশোরদের ক্ষেত্রেই এই ভোগান্তির অভিযোগ বেশি। শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ—দুই হাসপাতালেই এমন পরিস্থিতির কথা সামনে এসেছে।
জানা গিয়েছে, আধার কার্ড ছাড়া বহির্বিভাগে নাম নথিভুক্তির ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে। তবে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়। আধার না থাকায় রোগীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ অবশ্য মানতে নারাজ শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দন ঘোষ। তাঁর বক্তব্য, আধার বাধ্যতামূলক হলেও ৫-১০ শতাংশ ক্ষেত্রে ম্যানুয়ালি টিকিট দেওয়ার ব্যবস্থা রয়েছে। কাউন্টারের বাইরে থাকা নির্দিষ্ট টেবিলে যোগাযোগ করলেই ম্যানুয়াল টিকিটের মাধ্যমে চিকিৎসা নেওয়া যাবে।
যদিও রোগীর পরিজনদের অভিযোগ, এই ব্যবস্থা সম্পর্কে টিকিট কাউন্টারের সামনে কোনও সার্কুলার টাঙানো নেই। এক কর্মীর কথায়, প্রশাসনিকভাবে বিষয়টি দেখার কথা হলেও সার্কুলার না থাকায় সমস্যায় পড়ছেন তাঁরাও।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সুপার কৌশিক কিশোর জানান, বহির্বিভাগে আধার ছাড়া নাম নথিভুক্ত করা সম্ভব নয়। কিছু ক্ষেত্রে ম্যানুয়ালি ব্যবস্থা করা হলেও আগামী কয়েক মাসের মধ্যে তা বন্ধ হয়ে যাবে। তবে ভর্তির ক্ষেত্রে ভারতীয় হওয়ার অন্য প্রমাণপত্র গ্রহণ করা হচ্ছে।
নতুন গতি 




























