আক্তারুল খান, উলুবেড়িয়া: অন্নপূর্ণা যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে মহিলাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নেমে উলুবেড়িয়া থানার পুলিশ বুধবার মহকুমা শাসকের কার্যালয় থেকেই গুঞ্জন মণ্ডল নামে ওই যুবককে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি উলুবেড়িয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের পূর্ব কেবিন এলাকায়।জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার তালিকায় নাম রয়েছে কি না, তা জানতে প্রতিদিনই মহকুমা শাসকের দফতরে বহু মহিলা আসেন। অভিযোগ, সেই সুযোগেই তাঁদের সঙ্গে যোগাযোগ তৈরি করেছিল গুঞ্জন। যোজনার টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ কিছুদিন ধরেই তিনি মহিলাদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন বলে অভিযোগ।
ঘটনাটি প্রশাসনের আধিকারিকদের নজরে আসার পর বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়। বুধবার এক মহিলার কাছ থেকে টাকা নেওয়ার সময় দফতরের কর্মীদের হাতে ধরা পড়ে গুঞ্জন। খবর দেওয়া হয় উলুবেড়িয়া থানায়। পরে পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়।তদন্তে আরও বেশ কিছু তথ্য পুলিশের হাতে এসেছে বলে জানা গিয়েছে। ধৃতের মোবাইল ফোনে একাধিক মহিলার আধার কার্ডের ছবি ছিল বলে অভিযোগ। যদিও পরবর্তীতে সেই ছবিগুলি মুছে দেওয়া হয়েছে। এদিন যে মহিলার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, তাঁকেও সেই টাকা ফেরত দেওয়া হয়।টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করলেও নিজের কাজের সাফাই দিয়েছেন গুঞ্জন। তাঁর দাবি, বাবা অসুস্থ। বাবার চিকিৎসার খরচ জোগাড় করতেই তিনি এই কাজ করেছিলেন। পুরো ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নতুন গতি 




























