সফিকুল আলম, চাঁচল: সমবায় সমিতির জমি বিক্রির অভিযোগে পুলিশের তলবে চাঁচল থানায় হাজিরা দিতে এসে বিজেপির বিক্ষোভের মুখে পড়লেন রতুয়ার বর্ষীয়ান তৃণমূল বিধায়ক সমর মুখার্জী। বুধবার সকালে থানায় হাজিরা দিয়ে বেরোনোর সময় তাঁকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন বিজেপি নেতা-কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে থানার বাইরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ, তৃণমূলের আমলে সমবায় সমিতির দায়িত্বে থাকাকালীন সংশ্লিষ্টদের না জানিয়েই কো-অপারেটিভ সোসাইটির জমি বিক্রি করা হয়। এই ঘটনায় সামসির এক বাসিন্দা চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তের স্বার্থে বিধায়ক সমর মুখার্জীকে থানায় ডেকে পাঠায় পুলিশ।
সকাল প্রায় ১০টা নাগাদ চাঁচল থানায় পৌঁছন রতুয়ার বিধায়ক। বেশ কিছুক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে থানার বাইরে বেরিয়ে আসতেই বিজেপি নেতা-কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং ‘চোর চোর’ স্লোগান দেন।
এই সময় চাঁচল গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য তথা যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ শর্মার সঙ্গে সমর মুখার্জীর প্রকাশ্যে বচসা শুরু হয়। বিজেপি নেতার তরফে জমি বিক্রির অভিযোগ নিয়ে প্রশ্ন তোলা হলে সমর মুখার্জী আঙুল তুলে তাঁকে ধমক দেন বলে অভিযোগ। দু’পক্ষের বাগ্বিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি সামাল দিতে সমর মুখার্জীর সঙ্গে থাকা সহযোগীরা দ্রুত তাঁকে গাড়িতে তুলে ঘটনাস্থল থেকে নিয়ে যান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির পক্ষ থেকে বিধায়কের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলা হলেও, অভিযোগের বিষয়ে সমর মুখার্জীর বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।
সমবায় সমিতির জমি বিক্রির অভিযোগের তদন্তে পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
নতুন গতি 























