গ্যাংটক: একের পর এক ভূমিধসে বিপর্যস্ত পশ্চিম সিকিমের গিয়ালশিং জেলার সিঙ্গলিথাম ও সংলগ্ন রিম্বি এলাকা। পাহাড়ের ঢাল থেকে গলগলিয়ে নেমে আসছে কাদা, পাথর ও ধ্বংসাবশেষ। স্থানীয়দের আশঙ্কা, পরিস্থিতি আরও খারাপ হলে ভয়াবহ হড়পা বান দেখা দিতে পারে। রবিবার সকাল থেকে ভূমিধসের তীব্রতা বাড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, রিম্বির উপরে সিঙ্গলিথাম গ্রামের কাছে একটি টিলা ভূমিধসের জেরে ধীরে ধীরে বসে যাচ্ছে। বর্ষার টানা বৃষ্টিতে পাহাড়ের ঢাল নরম হয়ে যাওয়ায় কাদা, পাথর ও গাছপালা নেমে এসে স্থানীয় ঝোরা অবরুদ্ধ করছে। ফলে রিম্বির নিচের অংশে আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
প্রশাসনের তরফে ইতিমধ্যেই রিম্বির ৩০টি এবং সিঙ্গলিথামের ৮টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগস্ট থেকেই ওই এলাকায় ভূমিধস শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ইতিমধ্যে ধসের জেরে রিম্বি-ইউকসম ও রিম্বি-খেচুপেরি সড়কের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল এবং ইউকসম-তাশিডিং এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা।
পরিস্থিতি বিবেচনায় ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে বিকল্প পথে চলাচলের পরামর্শ দিয়েছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ বাড়িগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন গতি 




















