দেবজিৎ মুখার্জি: আর মাত্র কটা ঘন্টার অপেক্ষা! তারপরই চলতি আইপিএলের ‘প্লে অফ’ পর্বের দ্বিতীয় ম্যাচ। ইতিমধ্যেই ফাইনালের টিকিট পাকা করে ফেলেছে গতবারের জয়ী দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তথা আরসিবি। বুধবার মুল্লানপুরে মুখোমুখি হবে রাজস্থান রয়েলস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ‘হাই ভোল্টেজ’ ম্যাচকে ঘিরে যে দেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা একেবারে তুঙ্গে পৌঁছে গিয়েছে, তা বলাই বাহুল্য। বলা ভালো, সকলেই অপেক্ষায় রয়েছেন বল গড়ানোর পাশাপাশি এক হাড্ডাহাড্ডি ম্যাচ উপভোগ করার।
এবারের আইপিএলে দুই দলকেই বেশ কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। হায়দ্রাবাদের শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত তারা ‘প্লে অফ’এর টিকিট পাকা করতে সফল হয়। অন্যদিকে, রাজস্থান অবশ্য দুর্দান্ত শুরু করেছিল ঠিকই। তবে মাঝে তাল কাটে, যার জেরে একটা সময়ে পিছিয়ে পড়েছিল তারা এবং অনিশ্চিত হয়ে পড়েছিল তাদের ‘প্লে অফ’ খেলা। তবে শেষ পর্যন্ত চাপের কাছে ভেঙে যায়নি তারা এবং ‘প্লে অফ’এ পৌঁছেছে।
যদিও আজকের ম্যাচে নামার আগে কিছু বিষয় বেশ ভাবাবে রাজস্থানকে, যার মধ্যে অন্যতম ব্যাটিং। বিস্তারিতভাবে বলতে গেলে তাদের মিডিল অর্ডার। দুই ওপেনার বৈভব সূর্যবংশি ও যশস্বী জয়েসওয়ালের উপরই অনেকটা নির্ভর করছে দলের ব্যাটিংয়ের। দুজনে স্টার্ট ভালো দিতে না পারলে হাবুডুবু খেতে পারে মধ্যক্রমের ব্যাটাররা। এছাড়া হায়দ্রাবাদের শক্তিশালী ব্যাটিংও মাথাব্যাথার কারণ হয়ে উঠতে পারে রাজস্থানের বোলিংয়ের। বিশেষ করে তাদের ওপেনিং জুটি চাপে ফেলতে পারে রিয়ান পারাগদের। সেক্ষেত্রে জোফরা আর্চারের চার ওভারের উপর নজর থাকবে সকলের।
অন্যদিকে, হায়দ্রাবাদ অবশ্য জোরদার পরিকল্পনা করছে বৈভব সূর্যবংশিকে। গত মরশুমের মতো এই মরশুমেও একাধিক নজরকাড়া ইনিংস খেলেছেন বৈভব। যদিও প্যাট কামিন্স ফিরে আসতে ‘অরেঞ্জ আর্মি’র দুই বিভাগে ভারসাম্য এসেছে। তবুও বৈভব ক্রিজে টিকে গেলে যে তাদের চাপ বাড়তে পারে, তা তারা ভালোমতোই জানে। সেক্ষেত্রে দেখার বিষয় যে বৈভব-যশস্বীদের ঠেকাতে কি স্ট্র্যাটেজি নেয় হায়দ্রাবাদ। তবে যেহেতু ‘ট্রফি অন দ্যা লাইন’, তাই কেউ যে কাউকে এক ইঞ্চিও জমি ছাড়বে না, তা না বললেও স্পষ্ট। এবার দেখার আজ কি হয়। কে হাসবে শেষ হাসি? তা বলবে সময়।
নতুন গতি 





























