মালদা: বাড়িতে ঢুকে নগদ ২৪ লক্ষ টাকা এবং প্রায় ২৫ ভরি সোনার গয়না চুরির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার গাবগাছি যদুপুর এলাকায়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জমি ব্যবসায়ী সইদুর রহমান।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সইদুর রহমান নিচের ঘর থেকে উপরের তলার শৌচালয়ে যান। সেই সময় তাঁর স্ত্রী হাসনা বানু ও মেয়ে বাড়িতে ফিরে আসেন। ঘরে ঢুকে তাঁরা দেখতে পান, আলমারিতে রাখা নগদ টাকা এবং সোনার গয়না উধাও। অভিযোগ, ওই সুযোগেই দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে টাকা ও গয়না নিয়ে চম্পট দেয়।
পরিবারের দাবি, আলমারি বা ঘরের কোনও জিনিসপত্র ভাঙচুর করা হয়নি। নির্দিষ্ট স্থানে রাখা টাকা ও গয়না কোনও বাধা ছাড়াই নিয়ে যাওয়া হয়েছে। ফলে, পরিচিত কারও যোগসাজশ রয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নতুন গতি 



















