মালদা, ১৫ সেপ্টেম্বর: পুলিশ পরিচয় দিয়ে এক জুয়েলারি কর্মীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে মালদা শহরের বিনয় সরকার রোড এলাকায় ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, স্বর্ণ ব্যবসায়ী প্রণব বর্মন তাঁর নিজের ও ছেলের দোকানে গয়না বিক্রির মোট পাঁচ লক্ষ টাকা ব্যাংকে আরটিজিএস করার জন্য এক কর্মীর হাতে দেন। দোকান থেকে কিছুটা দূরে যেতেই কয়েকজন হিন্দিভাষী ব্যক্তি ওই কর্মীকে আটক করে নিজেদের ক্রাইম ব্রাঞ্চের পুলিশকর্মী বলে পরিচয় দেয়। ব্যাংকে টাকা নিয়ে যাওয়ার কারণ জানতে চাওয়ার পাশাপাশি তল্লাশির কথা বলে তারা। কর্মী প্রতিবাদ করলে জোর করে তাঁর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার বলেন, সোনার ব্যবসার পরিস্থিতি এমনিতেই খারাপ। তার মধ্যে পুলিশ পরিচয়ে টাকা লুটের ঘটনা উদ্বেগজনক। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দ্রুত তদন্তের দাবি জানান তিনি।
প্রণব বর্মনের অভিযোগ, দুর্গাপুজোর আগে নতুন মালের অর্ডারের জন্য টাকা ব্যাংকে পাঠানো হয়েছিল। দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করে টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি।
নতুন গতি 



















