দেবজিৎ মুখার্জি: ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন জগতের এক পরিচিত মুখ, প্রবীণ অভিনেতা রমাকান্ত দয়ামা (Ramakant Dayama) প্রয়াত। ২৬ মে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণের খবরে স্বভাবতই গভীর শোকের ছায়া নেমে এসেছে অনুরাগী ও বিনোদন জগতের সহকর্মীদের মধ্যে।
রুপোলি পর্দায় তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করে অনেকেই সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন। শাহরুখ খানের সঙ্গে ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেতা। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী, তথা ঘনিষ্ঠ বন্ধু, শুভাঙ্গি লাটকর (Shubhangi Latkar)। অত্যন্ত আবেগঘন হয়ে সোশাল মিডিয়া একটি পুরনো ভিডিও শেয়ার করে তিনি তাঁর প্রিয় বন্ধুর চলে যাওয়ার খবরটি সকলকে জানান।
ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওটিতে প্রয়াত এই প্রবীণ অভিনেতাকে একটি ঘরোয়া আড্ডায় বন্ধুদের সঙ্গে ভীষণ আনন্দ করতে, গান গাইতে এবং নাচতে দেখা গিয়েছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যে কতটা প্রাণোচ্ছল ছিলেন, ভিডিওটি তারই প্রমাণ। ভিডিওটির ক্যাপশনে শুভাঙ্গি লেখেন, “আজ আমরা এক অত্যন্ত পবিত্র আত্মাকে হারালাম… আমি সত্যিই ভেঙে পড়েছি। রমাকান্ত দয়ামা কেবল আমার একজন প্রিয় বন্ধু বা পারিবারিক বন্ধুই ছিলেন না, তিনি এমন একজন মানুষ ছিলেন যাঁকে আমি গভীরভাবে শ্রদ্ধা করতাম ও ভালোবাসতাম। জীবন, উষ্ণতা আর অফুরন্ত শক্তিতে ভরপুর একজন মানুষ। জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েও কীভাবে জীবনকে উপভোগ করতে হয়, তা তিনি খুব ভালো করে জানতেন। তিনি একাধারে যেমন দুর্দান্ত নাচতেন, তেমনই মন ছুঁয়ে যাওয়া গান গাইতেন এবং একজন তুখোড় অভিনেতা তো ছিলেনই। আমার কাছে তিনি ছিলেন এক বিজ্ঞ পরামর্শদাতা, যাঁর প্রতিটি কথার গভীর অর্থ থাকত।”
নতুন গতি 



























