হরেকৃষ্ণ মন্ডল,ফালাকাটা: ফালাকাটা ব্লকের কালীপুর মৌজার শিশাগোড় হাটের জমি নিয়ে দীর্ঘদিনের বিতর্কে বুধবার বিডিও অফিসে প্রথম শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের বক্তব্য শোনা হলেও এদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। ভূমি দপ্তর সূত্রে জানা গেছে, পরবর্তী পর্যায়ে জমির নথিপত্র খতিয়ে দেখে আরও শুনানি হবে।উল্লেখ্য, গত ২৪ জুন স্থানীয় বাসিন্দাদের গণস্বাক্ষর-সহ একটি অভিযোগ প্রশাসনের কাছে জমা পড়ে। অভিযোগে দাবি করা হয়, প্রায় ৬০ বছর আগে দান করা জমির উপর গড়ে ওঠা শিশাগোড় হাটের জমি তৃণমূল নেতা পলাশ মণ্ডল ও তাঁর বাবা সুবল মণ্ডল অবৈধভাবে নিজেদের নামে রেকর্ড করিয়েছেন। যদিও এই অভিযোগের সত্যতা প্রশাসনের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি।শুনানিতে পলাশ মণ্ডল উপস্থিত ছিলেন না। তাঁর পরিবর্তে উপস্থিত ছিলেন সুবল মণ্ডল ও পঙ্কজ মণ্ডল। সুবল মণ্ডল জানান, পরবর্তী শুনানিতে তাঁকে জমির দলিল জমা দিতে বলা হয়েছে।হাট কমিটির সভাপতি ভবেশচন্দ্র বালো বলেন, অন্যের দান করা জমি কীভাবে ব্যক্তিগত নামে রেকর্ড হলো, তা খতিয়ে দেখা জরুরি।একইসঙ্গে তৎকালীন ভূমি দপ্তরের ভূমিকা নিয়েও তদন্তের দাবি জানান তিনি। কমিটির সদস্য দীপক তরফদারের অভিযোগ, জমি সংক্রান্ত একাধিক অভিযোগ প্রশাসনের কাছে জানানো হলেও এখনও কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। দ্রুত নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে হাট কমিটি।
০৮ অগাস্ট ২০২৬, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
হাটের জমি রেকর্ড নিয়ে প্রশ্ন,বিডিও অফিসে প্রথম শুনানিতেও কাটল না জট
-
নতুন গতি - আপডেট : ১০ জুলাই ২০২৬, শুক্রবার
- 160
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder




















