দেবজিৎ মুখার্জী, কলকাতা: এবার গ্রেফতার করা হল কলকাতা পৌরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিংকে। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা মামলায় মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। নারকেলডাঙা থানায় দুটো মামলা রুজু হয়েছিল। যার মধ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে গত ২৭ মে নারকেলডাঙা থানার একটি মামলায় সচিনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগকারী আদর্শ পাণ্ডে দাবি করেন, ২০২১ সালের ৪ মে বিকেল সাড়ে তিনটা নাগাদ সচিন কুমার সিং সহ আরও কিছু লোকজন তাঁর বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে, বিভিন্ন সামগ্রী লুঠ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। সেই অভিযোগের তদন্তে নেমে অভিযুক্ত সচিন কুমার সিংকে গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে, নারকেলডাঙা থানায় গত ১৭ মে আরেকটি মামলায় অভিযোগকারী চন্দ্রপ্রকাশ সিং অভিযোগ করেন, সচিন কুমার সিং ও তাঁর সহযোগীরা বেআইনিভাবে জমায়েত করে তাঁর বাড়িতে জোর করে ঢুকে হামলা চালায় এবং ভাঙচুর করে। এই ঘটনাটিও ২০২১ সালের নির্বাচনের ফল ঘোষণার পর ঘটেছিল। দুই মামলার তদন্তই চলছে এবং পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে।
নতুন গতি 



















