রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : সরকারি অনুষ্ঠানে মুর্শিদাবাদবাসীর জন্য একাধিক প্রকল্পের শিলান্যাস ও সহায়তা প্রদান করেন মুখ্যমন্ত্রী। সোমবার নবাব বাহাদুর ইনস্টিটিউশন-এর মাঠে প্রশাসনিক সভা হয়।লোকসভা নির্বাচন তৃণমূলের কাছে বাড়তি অক্সিজেন এনে দিয়েছে মুর্শিদাবাদ। এই জেলার তিনটি আসনেই রাজ্যের শাসক দল তৃণমূল জয়লাভ করে। তারপর থেকে নবাবের শহরে বাড়তি নজর দিয়েছে তারা। লোকসভা ভোটের পর প্রথমবার একাধিক প্রকল্প হাতে নিয়ে মুর্শিদাবাদ সফরে এলেন মুখ্যমন্ত্রী। তিন জেলা সফরের প্রথম দিন সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের লালবাগে নবাব বাহাদুর’স ইনস্টিটিউশন ময়দানে ৩৮৪.১৭ কোটি টাকার ১১১ টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ১৫০.৫৭ কোটি টাকার ৮৬ টি প্রকল্পের শিলান্যাস করেছেন। জেলায় গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রের ভূমিকার সমালোচনার পাশাপাশি ওবিসি সংরক্ষণ বিল নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। রাজ্যের তহবিলে বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতাল তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি নবাব বাহাদুর ইনস্টিটিউশনের ২০০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ জেলার একমাত্র সরকারি বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ২৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেন তিনি।
নতুন গতি 





























