পূর্বস্থলী: ভাগীরথীতে জল বাড়তেই ভেসে আসছে বিপুল পরিমাণ পানা। সেই পানায় জেটির একাংশ কাত হয়ে যাওয়া এবং তার মধ্যে মৃত জীবজন্তুর দেহ আটকে থাকায় ছড়িয়েছে তীব্র দুর্গন্ধ। পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে ফেরিঘাট বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা।
পূর্বস্থলী-১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের নসরতপুর ফেরিঘাটের মনমোহনপুর-কিশোরীগঞ্জ ফেরিঘাট বুধবার সকাল থেকেই বন্ধ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েক দিন ধরে ঘাট মালিককে সমস্যার কথা জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর এদিন সকালে গ্রিলের গেটে তালা ঝুলিয়ে দেন এলাকাবাসীরা।
তাঁদের দাবি, পানার স্তূপে আটকে থাকা মৃত জীবজন্তুর দেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে ঘাট এলাকায় দাঁড়ানোও দায় হয়ে পড়েছে। পাশাপাশি পানার চাপে জেটির একটি অংশ কাত হয়ে যাওয়ায় নিরাপত্তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে।
সকাল থেকেই ফেরিঘাট বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। দ্রুত পানা পরিষ্কার করে ঘাটটি দুর্গন্ধমুক্ত ও নিরাপদ করার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
নতুন গতি 


























